হোম | আমাদের কথা | যোগাযোগ
বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারী ২০১২
অনুরনন একটি স্বপ্নের নাম। আমরা কয়েকজন তরুনই মূলত এর স্বপ্নদ্রষ্টা| আমরা আমাদের চারপাশকে যেভাবে দেখি, জানি, তার থেকে একটু ভিন্ন ভাবে দেখার বা বিশ্লেষন করার চাহিদা থেকেই এই স্বপ্নের জন্ম। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সব বাংলাভাষী মানুষের কাছে তাৎপর্যপূর্ন কিছু তথ্য সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য। অনুরনন সব সময়ই বলবে দেশের কথা, সম্ভাবনার কথা, আর এ দেশের মানুষের স্বপ্ন আর প্রাপ্তির ইতিকথা। অন লাইন ম্যাগাজিনের ধারনাটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুব নতুন না হলেও আমাদের দেশে এখনো ততটা ব্যপক প্রসার লাভ করেনি। যদিও বাংলাদেশর প্রায় সব দৈনিক সংবাদ পত্রের এখন অন লাইন সংস্করন হয়, তথাপি একজন পাঠকের পক্ষে দুই একটি পত্রিকা অনুসন্ধানের মাধ্যমেই বিস্তারিতভাবে কোন ঘটনা সমন্ধে অবগত হওয়া পুরোপুরি সম্ভব হয় না। তাছাড়া ব্যস্ততার কারনে কোন ঘটনার পরবর্তী ফলোআপটাও সেভাবে অনেকে মনিটর করতে পারেন না। কেউ আবার কোন একটা বিষয় বা প্রবন্ধ পরে পরার জন্য রেখে দিলেও দিন শেষে ব্যস্ততার জন্য সেই খবরটি আর পড়তে পারেন না। আবার, সামপ্রতিক সময়ের আলোচিত কোন বিষয়ে জানার জন্য অনেকের আগ্রহ হয়, কিন্তু সেই ক্ষেত্রেও অল্প সময়ে তিনি প্রয়োজনীয় লেখা অনুসন্ধান করে নাও পেতে পারেন; মূলত এই সবগুলো ক্ষেত্রেই অন লাইন ম্যাগাজিন একটি ভাল ভূমিকা রাখতে পারে। আমরা এই ম্যাগাজিনে প্রধানত বাংলাদেশের সার্বিক সমস্যা, আলোচিত ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ন ইভেন্ট, আমাদের সংস্কৃতি, গৌরবময় মুক্তিযুদ্ধ, খেলাধুলা, শিক্ষা, বিনোদন, তথ্য প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবেশের নানা তথ্য ও ঘটনা উপস্থাপন করবো। একই সাথে একটি ঘটনার কোন একটি নির্দিষ্ট বা দলীয় দৃষ্টিভংগী তুলে না ধরে সব ধরনের মতামতের ব্যপারেই পাঠককে আমরা ধারনা দেয়ার চেষ্টা করবো। তাছাড়া গুরুত্বপূর্ন কোন ঘটনার ব্যপারে বিশেষ সংখ্যা প্রকাশ করার সদিচ্ছাও আমাদের আছে। শুরুতে অনুরনন এর সকল বিভাগ নিয়মিতভাবে আপডেট না করা হলেও দেশ বিদেশের সংবাদ ও কলাম সহ মূল অংশটি অবশ্যই প্রতিদিন আপডেট করা হবে। তবে আর কিছুটা সময় গেলে পাঠকের জন্য আরও নিয়মিতভাবে সকল বিভাগ এবং প্রয়োজনে পাঠকের চাহিদা অনুযায়ী আরও কিছু নতুন বিভাগ নিয়ে নিয়মিতভাবে হাজির হওয়ার ইচ্ছা আমাদের আছে। পাঠক সহ সর্বমহলের সহযোগিতা পেলে আমরা দ্রুতই সেদিকে যেতে আগ্রহী। আমাদের ম্যাগাজিনের মূল মন্ত্র হবে বাংলাদেশের সার্বজনীন উন্নয়ন। আমরা নিয়মিতভাবে নানা ধরনের মত এবং পাঠকের চিন্তা প্রকাশ করবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করবো, যাতে তারা সে বিষয়ে যথাযথ ভুমিকা পালন করতে পারেন। এই ম্যাগাজিন সার্বিকভাবে বিভিন্ন শ্রেনী ও মতামতের পাঠকশ্রেনীর মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করতে প্রচেষ্টা চালাবে। প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে ইন্টারনেট এবং অন লাইন ব্যবস্থার চাহিদা ও প্রসার দিন দিন বাড়ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাভাষীরাও এই পদ্ধতির সাথে যুক্ত হয়ে পড়ছেন। কিন্তু এই বিরাট জনগোষ্ঠীকে বহুমাত্রিক তথ্য প্রদানের মত পর্যাপ্ত অবকাঠামো এখনো গড়ে উঠেনি। আরেকটি বিষয় হলো, বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারনা চালানোর জন্য অনেক ওয়েব সাইট গড়ে উঠলেও বাংলাদেশের সম্মানজনক ইমেজ প্রতিষ্ঠার জন্য বেশী সংখ্যক ওয়েবসাইট এখনো হয়ে ওঠেনি। তাছাড়া এই ব্যপারে পরিকল্পিত ও সমন্বিত উদ্যেগেরও যথেষ্ট অভাব রয়েছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, অনুরনন কখনোই বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের নেতিবাচক প্রচারনায় অংশ নেবে না। বরং ঘরে বাইরে সর্বত্র আস্থা বিনির্মানের মাধ্যমে একটি সম্ভাবনাময় বাংলাদেশ তুলে ধরাই আমাদের একমাত্র প্রত্যয়। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, অকার্যকর রাষ্ট্র প্রভৃতি অভিযোগ তুলে দুর্বল রাষ্ট্র এবং এই রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমা জগত যে অবস্থান নিয়েছে, সে ব্যপারেও আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো। সার্বিকভাবে ধ্বংস বা জবরদস্তি নয়। বরং সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে সব ধরনের নেতিবাচক কর্মকান্ডের বিরুদ্ধে একটি বুদ্ধিভিত্তিক লড়াই অনুরনন ম্যাগাজিন চালিয়ে যাবে, আমাদের সকল সম্মানিত পাঠক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে এই আমাদের অংগীকার।